বাউফলে এক কলেজছাত্রীকে (১৮) গণধর্ষণ মামলার প্রধান আসামি বাবু মৃধা ওরফে পিস্তল বাবুকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৮ ও র্যাব-১০ এর যৌথ টিম অভিযান চালিয়ে শনিবার ঢাকার কেরানীগঞ্জ থানার কদমতলী উপজেলার সুফিয়া হাসপাতালের সামনে থেকে তাকে গ্রেফতার করে।
রোববার সকালে ওই ধর্ষককে বাউফল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাবু বাউফল উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামের মোফাজ্জেল মৃধার ছেলে। ধর্ষিতা বাউফলের বগা ইয়াকুব শরীফ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার দিন ১১ জুন ওই ছাত্রী কলেজ শেষে বাড়ি ফেরার পথে আমির সিকদারের বাড়ির সামনে পিস্তল বাবু, সুমন ও অটো গাড়ির চালক সোহেল তাকে জোরপূর্বক একটি ঘরের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে। এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে তিনজনকে আসামি করে বাউফল থানায় একটি মামলা করলে আসামিরা আত্মগোপনে চলে যায়।
বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃত আসামি বাবুকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়েছে।