বিএনপি-জামায়াত, শিবির-ছাত্রদলের নৈরাজ্য, সাংবাদিক হত্যা, গণমাধ্যমকর্মীদের ওপর হামলা, ক্যামেরা ভাঙচুর, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন– বিএফইউজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া ডিসি কোর্টের সামনের মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব।
এই সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদ হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিদুজ্জামান, কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)’র সহ-সভাপতি শেখ হাসান বেলাল।
বক্তারা বলেন, গণমাধ্যমের শত্রু, স্বাধীনতার শত্রু, উন্নয়নের শত্রু বিএনপি-জামায়াত, ছাত্রদল, শিবির আগুন সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। এই ধ্বংসযজ্ঞের অর্থদাতা, মদদদাতা হোয়াইট ক্রিমিনালদের আইনের আওতায় আনতে হবে।