নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ফেনী শহরের দেয়ালে দেয়ালে ‘স্বাধীনতা এনেছি সংস্কারও আনবো’, ‘দুর্নীতি ঠেকাতে আওয়াজ তুলুন’, ‘ভয়ের দেওয়াল ভাঙলো’, ‘এবার জোয়ার এলো ছাত্র জনতার’, ‘ধর্ম যার যার বাংলাদেশ সবার’, এসব কথা গুলো লিখছে প্রজন্মের সাহসী তরুণ-তরুণীরা । দেয়াল লিখন ও গ্রাফিতির মাধ্যমে রং-তুলির আঁচড়ে বদলে গেছে ফেনীর সব দেয়াল।
বুধবার (১৪ আগস্ট) ফেনীর মিজান রোড, ফেনী কলেজ, আলিয়া মাদরাসা প্রাঙ্গন, পৌর শহরের বিভিন্ন দেয়ালে বিপ্লবের স্মৃতি ধারন করতে দেশ সংস্কারে ঘুষ-দুর্নীতি বন্ধ, স্বৈরাচারবিরোধী, সন্ত্রাসবিরোধী, আন্দোলনে শহীদদের স্মৃতি সংবলিত বিভিন্ন স্লোগানের অগ্নিময় উক্তি দিয়ে গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকারের পতনের পর সারাদেশের ন্যায় ফেনীতেও ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পর সৌন্দর্য বৃদ্ধিতে শিক্ষার্থীরা হাতে নিয়েছেন রং-তুলি। যেসব দেয়ালে এতদিন ছিল রাজনৈতিক ব্যানার সেসব দেওয়ালে এখন শোভা পাচ্ছে ইতিহাস ও সাহসিকতার বিপ্লবের নানান স্লোগান।
মাহতাব নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা ৫২ দেখিনি, ৭১ দেখিনি, তবে দেয়ালচিত্রের মাধ্যমে আমরা সেসব বীরত্বের সম্পর্কে জানতে পেরেছি। গত দুই মাসে ছাত্র আন্দোলন থেকে স্বৈরাচার পতন, এ সময়টা তরুণ প্রজন্ম পার করেছে। সে বিষয়গুলো দেওয়ালচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে।’
শিক্ষার্থীরা জানায়, ২৪ এর স্বৈরাচার থেকে মুক্ত হওয়া স্বাধীনতাকে স্মরণীয় রাখতে এ উদ্যোগ গ্রহন করা হয়েছে। বিভিন্ন দেওয়াল পরিষ্কার করে শহরের বিভিন্ন স্থানে আরবি ক্যালিওগ্রাফিও অংকন করা হচ্ছে। এতে করে একদিকে শহর পরিষ্কার হচ্ছে; অন্যদিকে শহরের সৌন্দর্যও বৃদ্ধি হচ্ছে।
ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী প্রমিলা বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে রাজনৈতিক পটপরিবর্তন হয়। পুলিশসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতি ও বিভিন্ন দপ্তরের সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা এখনো মাঠে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সর্বস্তরের মানুষকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমরা দেয়ালে দেয়ালে চিত্রাংকনের মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছি।’
শিক্ষার্থী আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘শহীদদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন স্লোগান দিয়ে শহরের দেয়ালগুলোকে আমরা সাজাচ্ছি। দেয়ালগুলোতে সাধারণের চোখ পড়লে যেন তারা ২৪ এর স্বাধীনতাকে স্মরন করতে পারে।’
সুজন-সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলার সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, তরুণ শিক্ষার্থীরা জেগে উঠলে সবকিছুতেই পরিবর্তনের ছোঁয়া লাগে। ফেনী শহরে শিক্ষার্থীদের রঙ্গের তুলিতে আঁকা গ্রাফিতি আমাদেরকে নানাভাবে অনুপ্রাণিত করবে।