যশোরে বাসের মধ্যে তরুণীকে ধর্ষণের ঘটনায় আটক ৭জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে মামলার তদন্ত কর্মকর্তা তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদৎ হোসেনের আদালতে হাজির করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটককৃতরা হলেন- যশোর সদর উপজেলার রামনগর ধোপাপাড়ার বাস শ্রমিক মনিরুল ইসলাম, শহরের বারান্দী মোল্লাপাড়া এলাকার শাহিন হোসেন জনি, সিটি কলেজপাড়ার কৃষ্ণ বিশ্বাস, সুভাষ সিংহ, বারান্দী কাঁঠালতলা বৌবাজার এলাকার রাকিবুল ইসলাম রকিব, বারান্দীপাড়ার কাজী মুকুল এবং বেজপাড়া কবরস্থান রোড এলাকার মঈনুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শেখ আবু হেনা মিলন জানান, নির্যাতিত তরুণী বাদী হয়ে গতকাল সন্ধ্যায় ৭জনকে আসামি করে মামলা করেন। ঘটনার দিন আটক ৭জনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আজ দুপুরে তাদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় বিচারক আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৃহষ্পতিবার গভীর রাতে রাজশাহী থেকে এমকে পরিবহনের একটি বাসে যশোর আসে ওই তরুণী। এরপর গভীর রাতে শহরের কোল্ডস্টোরেজ এলাকায় বাসের মধ্যে ওই তরুণী ধর্ষণের শিকার হয়। খবর পেয়ে পুলিশ নির্যাতিতকে উদ্ধার ও ৭জনকে আটক করে।