পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালক স্বপন চন্দ্র রায় (২৫) ও ইয়াসমিন আক্তার (৩০) নামে দুইজন নিহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নের পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাইক্রোবাসের নিহত চালক স্বপন চন্দ্র রায় তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের বুড়িমুটকি এলাকার তুলেশ রায়ের ছেলে ও যাত্রী ইয়াসমিন আক্তার তেঁতুলিয়া সদর ইউনিয়নের বেহারীপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় পঞ্চগড় থেকে তেঁতুলিয়াগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস মাঝিপাড়ায় এলে বিপরীত দিকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক স্বপন ও যাত্রী ইয়াসমিনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ছয়জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদিকে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়।