তিস্তা নদী খনন, সংস্কার ও সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত তিস্তার দুই পাড়ে প্রায় দুইশো ত্রিশ কিলোমিটারজুড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী।
রবিবার সকালে, তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিস্তা নদীর প্রবেশ মুখ বাংলাদেশের নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই জিরো পয়েন্ট থেকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর ঘাট (এখানে তিস্তা ব্রহ্মপুত্রে মিলেছে) পর্যন্ত মানববন্ধন হয়।
এ সময় বক্তারা বলেন, তিস্তা পাড়ের কয়েক লাখ মানুষের জীবন মান উন্নয়নে সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি দরকার।বিজ্ঞানসম্মত উপায়ে তিস্তা খনন, কৃষি জমি সুরক্ষা, বাধ নির্মাণের মাধ্যমে বাস্তুভিটা সুরক্ষায় সরকারকে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা।