সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২০’ এর কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী সদর উপজেলার ৭জেলেকে ৫দিনের, ৩জেলেকে ৭দিনের এবং ২ জেলেকে ৩দিনের কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় ৩৮কেজি ইলিশ মাছ ও ৩ লক্ষ ৪০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত ২টি নৌকা ৩০হাজার টাকা নিলাম মূল্যে বিক্রি করা হয়।
রাজবাড়ী জেলা মৎস কর্মকর্তা জয়দেব পাল বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনার সময় পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ১২ জেলেকে আটক করা হয়। আটকৃতদের রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হুদা, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আসাদুজ্জামান এবং সহকারী কমিশনার (ভূমি) গোয়ালন্দ মো. রফিকুল ইসলাম কারাদন্ড প্রদান করেন।
আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত প্রজনন মৌসুমে মা ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ বন্ধ থাকবে।