কক্সবাজারে হোটেলের আট তলা থেকে পড়ে বাবু শেখ নামে এক পর্যটক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার পর শহরের পর্যটন জোন কলাতলীর ‘ক্ল্যাসিক সী রিসোর্ট’ নামে একটি হোটেলে এ ঘটনা ঘটে।
নিহত বাবু শেখ টাঙ্গাইল পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের খান ছবুরের ছেলে।
নিহত বাবুর বড় ভাই আবদুল্লাহ আল আসিফ জানান, মঙ্গলবার টাঙ্গাইল থেকে তারা ৫২ জনের একটি দল কক্সবাজারে ভ্রমণে এসে শহরের ‘ক্ল্যাসিক সী রিসোর্ট’ হোটেলে ওঠেন। সবাই যে যার মতো হোটেলে অবস্থান করেন। বাবু শেখ ৮০২ নম্বর রুমে ছিলেন। আকস্মিক খবর আসে বাবু শেখ আট তলা থেকে নিচে পড়ে গেছেন। সবাই তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তা বড় ধরনের চিহ্ন নয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কী কারণে এবং কীভাবে মৃত্যু হয়েছে এখনো জানা যায়নি। হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।