অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মনির হোসেন ওরফে গোল্ডেন মনির নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এ ছাড়া ওই বাড়ি থেকে অর্থ, স্বর্ণালঙ্কার, অস্ত্র ও মাদক উদ্ধার করা হয় বলেও জানানো হয়। গতকাল শুক্রবার রাত ১০টা থেকে এ অভিযান চলে। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে র্যাব সদর দপ্তর ও র্যাব-৩ যৌথভাবে এ অভিযান চালায়।
পলাশ কুমার বসু জানিয়েছিলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ অভিযান চালানো হয়। এরই মধ্যে স্বর্ণালঙ্কার ও অর্থ জব্দ করা হয়েছে। মনিরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে।
জানা গেছে, মনির হোসেন গোল্ডেন মনির নামেও পরিচিত। তাঁর স্বর্ণালঙ্কারের ব্যবসা ছিল। এখন তিনি একজন গাড়ি ব্যবসায়ী। তাঁর গাড়ির শোরুম রয়েছে। ওই শোরুমেও অভিযান চালিয়েছে র্যাব।