করোনাভাইরাসের সঙ্কটের কারণে আট মাস বন্ধ থাকার পর দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে নাটোরের উত্তরা গণভবন।
সোমবার দুপুরে খুলে দেয়ার পরই দর্শনার্থীরা আগের নিয়মে টিকিট কেটে ভবনটি পরিদর্শন করতে আসে। তবে প্রথম দিন ভিড় ছিল তুলনামূলক কম।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ জানান, চলতি বছরের ১৯ মার্চ থেকে উত্তরা গণভবনে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয়া হয়। উত্তরা গণভবন মন্ত্রী পরিষদের অধীনে। তাই মন্ত্রী পরিষদের নির্দেশে স্বাস্থ্যবিধি মানার শর্তে এটি খুলে দেয়া হলো।
উত্তরা গণভবন
গণভবনের হিসাব সহকারী নূর মোহাম্মদ জানান, টিকিটের দাম আগের মতই আছে। জনপ্রতি সাধারণ জনগণ ২০ টাকা, শিক্ষার্থী, বৃদ্ধ ও প্রতিবন্ধী ১০ টাকা এবং গ্রুপ টিকিট ৪৯ জন পর্যন্ত প্রতিজন ১৫ টাকা, বিদেশি নাগরিক জনপ্রতি ৪০০ টাকা।
হিসাব সহকারী আরও জানান, আট মাস বন্ধ থাকায় উত্তরা গণভবন প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব হারিয়েছে। মূলত যে সময় দর্শনার্থীদের ভিড় বেশি থাকে সে সময়ই এটি বন্ধ ছিল।