গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে এক যাত্রী নিহত এবং নারী ও শিশুসহ ছয়জন আহত হয়েছেন। নিহতের পরিচয় মেলেনি, আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (২৮ নভেম্বর) পৌনে ১১টার দিকে গাইবান্ধা থেকে পলাশবাড়ীগামী পিকআপ ভ্যান সদরের তুলসীঘাটের বুড়িরঘর এলাকায় অপরদিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে পিকআপ ও অটোরিকশা দুমড়েমুচড়ে যায়, অটোরিকশায় থাকা নারী ও শিশুসহ যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মধ্যবয়সী এক ব্যক্তি প্রাণ হারান। তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পরে স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় নারী ও শিশুসহ ছয়জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি মেডিকেল অফিসার সুমন প্রামাণিক বলেন, আহতদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। তাদের রংপুর মেডিকেলে স্থানান্তর করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মজিবুর রহমান বলেন, পিকআপের চালক ও সহকারী পলাতক। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।