কিশোরগঞ্জের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকার ন্যাটাল মোড়ে দ্রুতগামী ইকনো সার্ভিসের যাত্রীবাহী বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম মাসুদ মিয়া (৪০), তিনি একজন কাপড় ব্যবসায়ী বলে জানা গেছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও হাইত্তয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
নিহত মাসুদ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের খান মোহাম্মদ কফিল উদ্দিনের ছেলে এবং এক কন্যা সন্তানের জনক। তার বাড়ি গফরগাঁও হলেও বর্তমানে সে কটিয়াদিতে স্থায়ীভাবে বসবাস করে আসছিলেন।
পুলিশ ও নিহতের বন্ধুরা জানায়, সকাল ৭ টা ৪৫ মিনিটে সে কটিয়াদি থেকে মোটরসাইকেল চালিয়ে ভৈরব বাজারে আসছিল। মোটরবাইক নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের ন্যাটাল মোড় এলাকা দিয়ে শহরে প্রবেশ করতে ছিল। এসময় বিপরীতে দিক থেকে আসা ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানসহ চাপা দেয়। এ ঘটনায় মাসুদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে প্রেরন করে এবং ঘাতক বাসটি জব্দ করে। তবে বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মামুনুল ইসলাম বলেন, বাসটির বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটায়। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।