নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, নির্বাচনে কোন অনিয়ম দুর্নীতি হলে কাউকে ছাড় দেয়া হবে না। নির্বাচন কমিশন মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য গাইবান্ধা পলাশবাড়ি পৌরসভার প্রথম নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ সব কথা বলেন তিনি। এসময় অবাধ ,সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রার্থীসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতা কামনা করে কবিতা খানম বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোন ধরনের চেষ্টা বরদাশত করা হবে না। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা ভোট গ্রহণ প্রক্রিয়াসহ অন্যান্য ক্ষেত্রে সার্বক্ষণিক তদারকি অব্যাহত রাখবেন। কোনভাবে মানুষের ভোটাুিধকার যাতে লঙ্ঘিত না হয়।
এসময় জেলা প্রশাসক মো. আবদুল মতিনের সভাপতিত্বে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, নির্বাচন কর্মকর্তা, প্রশাসনিক ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কবিতা খানম প্রার্থীসহ অন্যদের বক্তব্য শোনেন।
পলাশবাড়ি পৌরসভায় মেয়র পদে ৬ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬০২ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৩৩৫ জন এবং মহিলা ভোটার ১৬ হাজার ২৬৮ জন। ইভিএম পদ্ধতিতে সেখানে ভোট গ্রহন করা হবে।