`নো মাস্ক নো সার্ভিস’ নিয়ম কার্যকর করতে বরিশালে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা ও রোমানা আফরোজের নেতৃত্বে বুধবার (৯ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় ৩৩ জনকে ১৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন পৃথক ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত নগরীর সদর রোড, জেলখানা মোড়, হাসপাতাল রোড ও নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ২৩ জনকে ৬ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করেন।
অপরদিকে রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত নগরীর বেলতলা, ভাটিখানা, স্বরোড ও পোর্ট রোড এলাকায় অভিযান চালিয়ে মাস্কবিহীন ১০ ব্যক্তিকে ৯ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত আর্থিক দণ্ডপ্রাপ্ত মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ এবং করোনা সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে সচেতন করেন।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটদ্বয়।