রাজধানীর উত্তরায় ছুরিকাঘাতে জিসান হাবিব (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ছিনতাইকারীর চুরিকাঘাতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। এসময় জিসানের বন্ধু রুহুল আমিন (১৭) আহত হয়। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বিষয়টি নিশ্চিত করেন।
ওসি তপন চন্দ্র সাহা বলেন, বুধবার (৯ ডিসেম্বর) দিনগত রাতে রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় এ ঘটনা ঘটে। জিসান আব্দুলাপুর বাজার এলাকায় একটি বাসে করে যাচ্ছিলো। বাজারের কাছাকাছি পৌঁছাতেই জানালা দিয়ে এক ছিনতাইকারী তার ব্যবহৃত মোবাইলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বাস থেকে নেমে জিসান ছিনতাইকারীকে ধরে ফেলে। এসময় ছিনতাইকারী জিসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, জিসান হাবিব ঢাকায় বেড়াতে এসেছিল। ঘটনার সময় বাসটি আব্দুল্লাহপুরে দাঁড়িয়েছিল। ওই ছিনতাইকারীকে গ্রেফতারসহ বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জিসান হাবিব নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বিহেরগাঁও গ্রামের সৌদি প্রবাসী আবুল বাশারের ছেলে। স্থানীয় খলিলুর রহমান ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথমবর্ষের ছাত্র ছিল। দুই ভাই ও তিন বোনের মধ্যে তৃতীয় জিসান। আর রুহুল আমিন ধামরাইয়ের ইসলামপুরে ইকরা মডেল হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র। তার বাড়ি ধামরাইয়ের পাঠানতলা এলাকায়।