সড়ক ও জনপদ বিভাগের নির্মিত গাজীপুরের কাপাসিয়া-শ্রীপুরর উপজেলা সংযোগ সড়কের নারায়নপুর বাজার ও শীতলক্ষ্যা নদী সংলগ্ন প্রায় আধা কিলোমিটার রাস্তা দেবে গেছে।
শুক্রবার (১১ডিসেম্বর) ভোরে ভূমি ধ্বসের কারণে এ সড়কে চলাচলকারী দুই উপজেলার সাধারণ মানুষ ও পণ্য চলাচলকারী পরিবহনের মাঝে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, এ পর্যন্ত চার বার এই স্থানে ভূমি ধ্বসের ঘটনা ঘটেছে। প্রথম বার ১৯৬৪ সালে ফেব্রুয়ারী মাসে, দ্বিতীয় বার ২০০৩ সালের ফেব্রুয়ারীতে, তৃতীয় বার ২০১৮ সালের ফেব্রুয়ারীতে এবং সর্বশেষ শুক্রবার ভোর রাতে একই এলাকায় ভূমি ধ্বসের ঘটনা ঘটে।
২০১৮ সালে গাজীপুরের সওজের কর্মকর্তারা ওই রাস্তাটি পর্যবেক্ষণ কাজ চলছে মর্মে একটি সাইন বোর্ড ঝুলিয়ে দেয়। সড়ক ও জনপদের কর্মকর্তারা একাধিকবার পরিদর্শন করে গেলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে স্থানীয়রা অভিযোগ করেন।
স্থানীয় প্রভাবশালীরা শীতলক্ষ্যা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার কারণে এ ভূমি ধ্বসের ঘটনা ঘটে থাকতে পারে বলেও এলাকাবাসীর ধারণা।