২০২০ সালের জন্য বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় ঠাঁই পেয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বায়ার্ন মিউনিখের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডোস্কি ও বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি।
এই তালিকায় ঠাঁই হয়নি ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের।
বিষয়টিতে মনে মনে বেশ চটেছেন নেইমার। তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করে নিজের টুইটার হ্যান্ডেলারে ইঙ্গিতপূর্ণ বেশ কয়েকটি টুইট করেছেন তিনি।
ফিফার পক্ষ থেকে সেরা তিনের ঘোষণা আসার কিছুক্ষণ পরই নেইমার টুইটে লেখেন, ‘টেনিসে কিছু করতে পারলাম না, তাই বাস্কেটবল খেলতে চলে যাচ্ছি।’
এমন রহস্যময় টুইটের মিনিট ছয়েক পরে আবার টুইট করেন নেইমার।
সেখানে লেখেন, ‘আমি এর মধ্যেই বাস্কেটবল খেলা ছেড়ে দিয়েছি, ‘আমি এখন গেমার।’
একটা লম্বা বিরতি দিয়ে পিএসজি তারকা ফের টুইট করেন, ‘সত্যিই এমনটা হয়েছে?’
নেইমারের প্রথম দুই টুইটে ফুটবলপ্রেমীরা ধন্দে পড়ে যান। ফুটবলার হয়ে টেনিস-বাস্কেটবল নিয়ে এসব কী বলছেন নেইমার!
নেইমারভক্তদের ধারণা, এমন টুইটে ফিফাকে একহাত নিলেন বর্তমান সময়ের সেরা ব্রাজিলিয়ান তারকা। ফিফার উদ্দেশে নেইমার বলতে চাচ্ছেন, তিনি হয়ত ফুটবল খেলেন না। ফুটবল খেললে এমন ভালো মৌসুম কাটানোর পর ফিফা ঠিকই তাকে বর্ষসেরার তালিকার সেরা তিনে রাখত।
é sério? ?? pic.twitter.com/hr6fpLX2gQ
— Neymar Jr (@neymarjr) December 11, 2020
তবে বিষয়টি অনেকটাই খোলাসা করে দিয়েছেন নেইমারের বাবা।
রাখঢাকের মধ্য দিয়ে না গিয়ে ফিফার প্রতি নেইমারের আক্ষেপের বিষয়টি প্রকাশ করেলেন তার বাবা।
ইনস্টাগ্রামে তিনি লিখেছেন,‘আমাদের কাছে তুমি সব সময় সেরা লিগে খেলার মতো, সেরা ক্লাবের হয়ে খেলার মতো, সেরা খেলোয়াড়দের সঙ্গে খেলার মতো যোগ্যতাসম্পন্ন খেলোয়াড় হয়েই থাকবে।’
ফিফার ঘোষিত তালিকায় সেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকায় আছেন অ্যালিসন বেকার, ম্যানুয়েল নুয়ার ও জ্যান ওবলাক। আগামী ১৭ ডিসেম্বর সুইজারল্যান্ডের জুরিখে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২০ সালের জন্য বর্ষসেরা ফুটবলারের নাম।