রংপুর জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে অংশ নিতে গিয়ে অবশেষে কারাগারে যেতে হয়েছে শহীদুল্লাহ ও ওসমান আলী নামের দুই যুবককে।
বৃহস্পতিবার ম্যাজিস্ট্রেটের কাছে ধরা পড়ার পর সাত দিনের কারাদণ্ড দিয়ে তাদের পাঠিয়ে দেয়া হয়েছে রংপুরের কেন্দ্রীয় কারাগারে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান মৃধা জানান, বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয় শিশু নিকেতন ও বালিকা উচ্চ বিদ্যালয়ে।
সন্দেহ হলে ওই দুই পরীক্ষার্থীকে চ্যালেঞ্জ করলে অন্যের হয়ে এ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের কথা স্বীকার করেন তারা, বলেন এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
তাদের মধ্যে শহিদুল্লার বাড়ি জামালপুর জেলায় এবং ওসমানের বাড়ি ফরিদপুর জেলায় বলে জানা গেছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।