শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার নকলা উপজেলার দেড় বছর বয়সী শিশু নুছাইবা তার মায়ের সাথে নানার বাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে। সে উপজেলার নকলা ইউনিয়নের বাড়ইকান্দি গ্রামের এ.এস.এম সাইফ-এর দুই মেয়ের মধ্যে ছোট মেয়ে। নুছাইবা কয়েদিন ধরে তার মায়ের সাথে জেলার নালিতাবাড়ি উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকায় নানা পিয়ার আলীর বাড়িতে বেড়াতে যায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে নুছাইবার মা অসুস্থ থাকায় ঘরে শুয়ে ছিলেন। এ সুযোগে সকাল ১০টার দিকে খেলতে গিয়ে পরিবারের অন্যান্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে নিখোঁজ হয়। নিখোঁজের পরে তাকে সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজির একপর্যায়ে প্রায় ২ ঘন্টা পরে দুপুর ১২টার দিকে পুকুরের পানিতে অচেতন অবস্থায় ভাসতে দেখেন তারা।
উদ্ধার করে নালিতাবাড়ি হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নুছাইবাকে মৃত ঘোষনা করেন। নিহতের মামা ইব্রাহীম খলিল ও তার চাচা মো. ইমাদ সুহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।