গোপালগঞ্জে বাসচাপায় শাহারুল আলম ইরান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও ১৫ বাসযাত্রী আহত হয়েছেন।
আজ শনিবার বিকাল সোয়া ৩টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার তুতবাটি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইরান গোপালগঞ্জ সদর উপজেলার সুলতানশাহী গ্রামের নূর জালাল মজুমদারের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানিয়েছেন, গোপালগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে সদর উপজেলার সুলতানশাহী গ্রামে ফিরছিলেন ইরান ও তার এক আত্মীয়। ঘটনাস্থলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মোটরসাইকেল ও বাসের ১৬যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহারুল আলম ইরান মারা যায়। অন্য আহত ৯ জন গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।