দিনাজপুরের ফুলবাড়ী রেলগেটে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর একইস্থানে ফের রূপসা এক্সপ্রেস লাইনচ্যুত।
মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিকেলে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর ট্রেন রূপসা এক্সপ্রেসের একটি বগি দিনাজপুরের ফুলবাড়ীতে লাইনচ্যুত হয়। এর ফলে, নীলফামারী থেকে ঢাকা-খুলনা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
ফুলবাড়ী স্টেশন সূত্রে জানা গেছে, লাইনচ্যুত হওয়া বগিটি উদ্ধার না হওয়া পর্যন্ত এই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে।
এর আগে, সোমবার দিবাগত রাত একটার দিকে ফুলবাড়ি রেলগেটের এক নম্বর লাইনের ফুলবাড়ী-পার্বতীপুর সড়কের রেলক্রসিংয়ে মালবাহী ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় মালবাহী ট্রাক।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পার্বতীপুর থেকে খুলনাগামী মালবাহী ট্রেনটি লেভেল ক্রসিংয়ে ধানের বস্তাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিলে এটি উল্টে যায়। এতে বস্তার নিচে চাপা পড়ে গেটম্যান সুশান্ত কুমার দাসের মৃত্যু হয়।