ভাগ্যের জোরে বেঁচে গেলেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। হাইওয়েতে গাড়ি দুমড়ে মুচড়ে গেলেও বড় কোনো ধরনের আঘাত ছাড়াই তিনি রক্ষা পান। এএনআইয়ের বরাত দিয়ে বুধবার এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, সোয়াই মাধোপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে জয়পুর থেকে রনথম্বোরে যাচ্ছিলেন তিনি। পথে গাড়ি চাকা ফেটে গেলে তিনি ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। গাড়ি উল্টে গেলেও তিনি অক্ষত থাকেন। তবে তার সঙ্গে থাকা অপরব্যক্তি সামান্য আহত হয়েছেন।
দুর্ঘটনার কথা জানিয়ে আজহার নিজেই টুইট করছেন। লিখেছেন, আজ একটা ছোট দুর্ঘটনার কবলে পড়েছিলাম। আমি ভালো আছি, সুরক্ষিত আছি। সবাই যে অসংখ্য বার্তা পাঠিয়েছেন, তার জন্য ধন্যবাদ।
সুরওয়াল থানার পুলিশ কর্মকর্তা চন্দ্রাভন সিং জানিয়েছেন, দুমড়ে যাওয়া গাড়ি থেকে সকলকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। পরে অন্য গাড়িতে করে আজহারকে অনুষ্ঠানে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ভারতের হয়ে ৯৯টি টেস্ট খেলা আজহারউদ্দিন তিনটি বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর নেতৃত্বেই টিম ইন্ডিয়া ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে।
সূত্র: হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার।