শৈলকুপায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে সাংবাদিকদের সাথে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র মেয়র প্রার্থীর মতবিনিময় সভা।
উত্তপ্ত হয়ে উঠেছে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার নির্বাচনী পরিবেশ। শুরু হয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগ। বিশেষ করে এখানে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক তৈয়বুর রহমান খাঁন। দলটি এবারও মনোনয়ন দিয়েছে বর্তমান মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি প্রবীণ নেতা কাজী আশরাফুল আজমকে।
বুধবার বিকেলে স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈয়বুর রহমান শৈলকুপা কলেজরোডে নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে লিখিতভাবে জানিয়েছেন, নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নেই নৌকার প্রার্থীর সমর্থকরা আইন-শৃঙ্খলা ভঙ্গ করছে, সভা-সমাবেশে উষ্কানীমুলক বক্তব্য দিয়ে ভয়ভীতির সৃষ্টি করছে। তিনি সরাসরি অভিযোগ করছেন, নৌকার প্রার্থীর পক্ষে একদল চাঁদাবাজ, দাঙ্গাবাজ, পেটোয়া বাহিনী শহরের অলিতে গলিতে গিয়ে সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে।
প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, বহিরাগত ভাড়াটিয়া সন্ত্রাসীদের তালিকা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরো বলেন, নৌকার প্রার্থীর কর্মী-সমর্থকরা নিজেরাই নৌকার অফিস বানিয়ে পোড়াবে, যততত্র পেট্রোলবোমা, হাতবোমা ছুড়ে মামলা, হামলা চালাবে। নৌকার প্রার্থী বাদে কাউকে মাঠে থাকতে দিবে না, এরই মধ্যে স্যোশাল মিডিয়াতে তাদের হুমকি-ধামকির ভিডিও ছড়িয়ে পড়েছে বলে জানান । তিনি বলেন, ভোটাররা যদি কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তাহলে বিপুল ভোটে নিবার্চিত হবেন বলে দাবি করেন ।
পৌরসভা নিবার্চন দ্বিতীয় ধাপে আগামী ১৬ই জানুয়ারী ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার নির্বাচন ইভিএমএ অনুষ্ঠিত হবে। ১৯৯২ সালে গঠিত এই পৌরসভা প্রথম শ্রেণীর, এখানে ভোটার সংখ্যা প্রায় ২৯ হাজার। ৯টি ওয়ার্ডে ১৫টি কেন্দ্রে এখানে ভোট অনুষ্ঠিত হবে ।