সিলেট-তামাবিল সড়কে ট্রাকের সাথে পর্যটকবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গোলাম মোস্তফা (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৯ জন।
শুক্রবার সকাল ৭টার দিকে শাহপরান থানাধীন পরগণাবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত গোলাম মোস্তফা ঢাকার চানখারপুল এলাকার মৃত আজিজ বেপারীর ছেলে।
পুলিশ জানায়, ঢাকা থেকে মোস্তফাসহ ১০জন বুধবার একটি মাইক্রোবাসযোগে রাতে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। তারা ছুটির দিনে জাফলংসহ বিভিন্ন স্থানে বেড়ানোর জন্য এসেছিলেন। সকালে তাদের মাইক্রোবাসটির সিলেটের পরগণাবাজারে এলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় গুরুতর আহত হন মাইক্রোবাস যাত্রী গোলাম মোস্তফা। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তার সাথের বাকি ৯ জনই কমবেশি আহত হয়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।