যশোরের অভয়নগর উপজেলা পরিষদের ভবনের ছাদে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাহিদুল ইসলাম নামে একজনকে আটক করেছে পুলিশ। আটক জাহিদুল ইসলাম উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল দপ্তরের(এলজিইডি) অফিস সহায়ক(এমএলএসএস)। বুধবার (৩০ ডিসেম্বর) বিকেলে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা চালান তিনি।
এ ঘটনায় ওই শিশুটির মা শুক্রবার রাতে অভয়নগর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে আটক করে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভয়নগর উপজেলা পরিষদের পাশে বস্তিতে তার বাবা-মায়ের সাথে শিশুটি থাকে। গত বুধবার বিকেলে শিশুটি উপজেলা পরিষদ চত্বরে আসে। বিকেল চারটার দিকে জাহিদুল ইসলাম শিশুটিকে মিষ্টি খাওয়ানোর লোভ দেখিয়ে উপজেলা পরিষদের ভবনের ছাদে (এলজিইডি কার্যালয়ের ওপরে) নিয়ে যান। এরপর তিনি শিশুটিকে ধর্ষণচেষ্টা চালান। এ সময় শিশুটি চিৎকার করতে থাকে। শিশুটির চিৎকারে লোকজন সেখানে আসলে জাহিদুল ইসলাম পালিয়ে যান।
বৃহস্পতিবার সকালে বিষয়টি বিষয়টি জানাজানি হয়। ঘটনাটি চাপা দিতে বিকেলে জাহিদুল ইসলামকে তড়িঘড়ি করে ঝিনাইদহের কোর্টচাঁদপুর উপজেলায় বদলি করা হয়। এমনকি ওইদিন সন্ধ্যায় তাকে রিলিজ (অবমুক্ত) স্লিপ প্রদান করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজুল ইসলাম বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জাহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাত দেড়টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১ জানুরারি) ম্যাজিস্ট্রেটের সামনে ২২ ধারায় শিশুটির জবানবন্দী রেকর্ড করতে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর(এলজিইডি) যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল বাসেত বলেন, বৃহস্পতিবার বিকেলে এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী তাকে ফোন করে বলেন, জাহিদুল ইসলামের একটু সমস্যা আছে। বিষয়টি আপনাকে পরে জানাবো। জরুরি ভিত্তিতে তিনি তাকে অন্যত্র বদলি করতে সুপারিশ করেন। সে অনুযায়ী তাকে বদলি করা হয়েছে। কিন্তু নির্বাহী প্রকৌশলী তাকে সমস্যাটি কী আর পরে জানাননি।
এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলী বলেন, অভয়নগর উপজেলা প্রকৌশলী বৃহস্পতিবার তাকে বলেছেন, জাহিদুল ইসলাম অনেকদিন ধরে অভয়নগরে আছেন তাকে অন্যত্র বদলি করা প্রয়োজন। সেভাবে তাকে বদলি করা হয়েছে। তবে তার বদলির সঙ্গে ধর্ষণচেষ্টার কোনো সম্পর্ক নেই। তিনি অপরাধ করে থাকলে তার শাস্তি হবে।
অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুসেইন খান বলেন, বিষয়টি আমি জেনেছি। এমন ঘটনা অনভিপ্রেত এবং বিব্রতকর। এ ব্যাপারে ব্যবস্থা নিতে থানার ওসিকে বলা হয়েছে।