দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সামনে এই শৈত্যপ্রবাহ আরও কমে আসতে পারে। রোববার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। তার পরের তিন দিনে রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে তেঁতুলিয়ায়। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো এ রেকর্ড হয়েছে। তেতুলিয়ায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।