ভারতীয় তালিকায় আছে নাম। সতীর্থ মুক্তিযোদ্ধারাও দিচ্ছেন সাক্ষ্য। তবু জাতীয় পরিচয়পত্রে ভুল থাকায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি থেকে বঞ্চিত নীলফামারীর নৃপেন্দ্রনাথ রায়। নির্বাচন কমিশনের দ্বারে দ্বারে ঘুরছেন এক যুগ ধরে। কিন্তু সংশোধন করাতে পারেননি জাতীয় পরিচয়পত্র।
অভাবের তাড়নায় দৈনিক মাত্র ৯০ টাকা মজুরিতে হাড়ভাঙ্গা পরিশ্রম করেন, নীলফামারীর বৃদ্ধ নৃপেন্দ্রনাথ রায় ওরফে সিনিয়া। তিনি ভারতীয় তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা হলেও; স্বীকৃতি পাননি দেশে।
২০০৬ সালে নিবন্ধনের সময় জন্ম ১৯৫১ সালের পরিবর্তে লেখা হয়েছে ১৯৬১। পরে জাতীয় পরিচয়পত্র তৈরির সময় জন্মসাল লেখা হয় ১৯৬০। এতেই পড়ে গেছেন বিপত্তিতে। এই ভুল সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এক যুগ ধরে ঘুরেও ফল মিলছে না কিছুতেই।
সহযোদ্ধারা বলছেন, তাদের সাথেই প্রশিক্ষণ নিয়েছেন নৃপেন্দ্রনাথ। মুক্তিযোদ্ধার স্বীকৃতি বঞ্চিত হওয়া তাই দুঃখজনক। এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও দেয়া হয়েছে সুপারিশ। সুযোগ-সুবিধা নয়, জীবন সায়াহ্নে এসে স্বীকৃতি চান, এই বীর মুক্তিযোদ্ধা।