শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় বিজয় দত্ত নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন এবং পঞ্চগড়ে ট্রাক্টরের ধাক্কায় জীবন সেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে শরীয়তপুর শহরের পালং উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় টমটমের চালকসহ দুজনকে আটক করেছে পালং মডেল থানা পুলিশ।
নিহত বিজয় দত্ত বাড়ি নোয়াখালী জেলায়। সে শরীয়তপুর শহরের টাইলস সিটি নামে একটি প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়া আহত হাবিবুর ওই প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শরীয়তপুর শহরের উত্তর বাজারে একটি টাইলস ব্যবসায়ী তার প্রতিষ্ঠানে যাওয়ার পথে ইটবোঝাই একটি টমটম গাড়ির সঙ্গে মোটরসাইককেলের সংঘর্ষ হয়।
এ সময় মোটরসাইকেল চালক ও তার সঙ্গে থাকা একজন গুরুতর আহত হয়েছেন। পরে স্থানীয় উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক একজনকে মৃত্যু ঘোষণা করেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আহত একজনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এদিকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় জীবন সেন (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার সকাল ১০টায় উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জীবন সেন আটোয়ারী উপজেলার রসেয়া এলাকার ভলা নাথের ছেলে।
স্থানীয়রা জানায়, জীবন সেন বাড়ি থেকে আটোয়ারীর উপজেলার ফকিরগঞ্জ বাজারে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জীবন সেন মারা যায়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দীন ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর নিহতের বিষয়টি সময় নিউজকে নিশ্চিত করেন।