রাজবাড়ীর আদালত থেকে একটি মাদক মামলার নথি চুরির ঘটনায় জেলা বার এসোসিয়েশনের সদস্য এ্যাডভোকেট সুদীপ্ত গুহ আশীসকে জামিন না দিয়ে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক মইনুল ইসলাম ভুইয়া এ নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ বছরের ২৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার সময় এ্যাডভোকেট সুদীপ্ত গুহ অতিরিক্ত জেলা জজ আদালতে বিচারাধীন একটি মাদক মামলার (দায়রা-৫৪৭/১৩) নথি দেখতে চান। এসময় পেশকারের নির্দেশে ওই আদালতের কর্তব্যরত পিয়ন লিটন তাকে নথি দেন। আদালত কক্ষে নথি দেখার এক ফাঁকে পেশকার ও পিয়নের চোখ ফাঁকি দিয়ে নথি নিয়ে রওয়ানা হন। পিয়ন লিটন তার পিছু নিলে আইনজীবীর সহকারী তার গতিরোধ করে এবং ওই আইনজীবী তাকে ভয়-ভীতি দেখিয়ে নথি নিয়ে চলে যান। এ বিষয়ে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ অভিযুক্ত আইনজীবীর সাথে কথা বলে চেষ্টা করে ব্যর্থ হলে আদালত কর্তৃপক্ষ মামলা দায়েরের সিদ্ধান্ত নেন।
পরে ৩০ অক্টোবর রাজবাড়ীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পেশকার ওয়াদুদ খান বাদী হয়ে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইনে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করে। মামলায় অভিযুক্তরা হলেন- রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সদস্য এ্যাডভোকেট সুদীপ্ত গুহ আশীস, আইনজীবীর সহকারী লক্ষণ রায় ও শিক্ষানবিশ মহরার মাসুদুর রহমান।
রাজবাড়ীর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ জানান, ওই মামলায় এ্যাডভোকেট সুদীপ্ত গুহ আশীস উচ্চ আদালত থেকে জামিন নেন। বুধবার তিনি রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. তারেক মইনুল ইসলাম ভুইয়া তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।