তুচ্ছ ঘটনায় দৈনিক সময়ের খবরের অভয়নগর প্রতিনিধি ও নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমদ ও তার স্ত্রী ইসফাত আরা আইরিনকে পিটিয়ে আহত করা হয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় জড়িত ধোপাদী গ্রামের আব্দুর রাজ্জাক সরদারের ছেলে এসএম রিপনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার ধোপাদী গ্রামের নতুন বাজার সংলগ্ন নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
সাংবাদিক শাহিনের স্ত্রী জানান, দুপুরে তাদের ৮ বছর বয়সী মেয়ে তাছনিয়ার সঙ্গে প্রতিবেশী এসএম রিপনের শিশুর বিবাদ হয়। এরই জেরে বেলা সোয়া ২টায় এসএম রিপন, তার স্ত্রী হীরা বেগম এবং তাদের প্রতিবেশী আমিনুরের স্ত্রী ফরিদা বেগম তাদের বাড়িতে যান।
এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলে তার স্বামী প্রতিবাদ করেন। এক পর্যায়ে রিপন তার হাতে থাকা লাঠি দিয়ে তার স্বামীকে পেটাতে শুরু করলে অপর দুই নারীও লাঠি দিয়ে পেটাতে থাকেন। তিনি ঠেকাতে গেলে তাকেও পেটানো হয় এবং পরিবারের সকলকে হত্যার হুমকি দিয়ে তারা চলে যান। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে অভয়নগর থানায় হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া জাহান বলেন, সাংবাদিকের মাথা ও নাকে আঘাত লেগেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি শঙ্কামুক্ত কি না তা ২৪ ঘণ্টা পর বলা যাবে। সাংবাদিকের স্ত্রীর মাথায় আঘাতের চিহ্ন আছে, তিনি শঙ্কামুক্ত।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, সাংবাদিক ও তার স্ত্রীকে পেটানোর ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুজন পলাতক।