ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। ৭ জানুয়ারি বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা পৌনে ২টার দিকে জরুরি বিভাগের আইসিইউতে হঠাৎ আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বড় আগুন নয়, ধোঁয়া বের হচ্ছিল। এখন সবকিছু নিয়ন্ত্রণে।
হাসপাতালের একজন কর্মচারী জানান, হাসপাতালের পুরাতন ভবনের চতুর্থ তলায় পিছনে বেলকনি থেকে ধোঁয়া বের হচ্ছিল। পাশেই আইসিইউ ইউনিট থাকায় অনেকের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এসময় অনেকেই নিচে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গোলযোগ থেকে সেখানে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান তিনি।
ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ঢাকা মেডিকেলের পুরাতন ভবনের চারতলায় আগুন লাগে। চার তলার আইসিউ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, আগুন লাগার পরপরই সেখানে থাকা লোকজন দ্রুত বেরিয়ে আসে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এছাড়া রোগিদেরও কোনো সমস্যায় পড়তে হয়নি।