বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি প্রত্যাহার ও প্রো-ভিসিসহ অবরুদ্ধদের থেকে মুক্ত করা হয়েছে। প্রায় ৭ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর প্রো-ভিসির পক্ষ থেকে ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসমুখী করতে আন্দোলনকারীদের সহায়তা, ঢাকার লিয়াজোঁ অফিস বন্ধে সব সভা-বোর্ড বর্জনের ঘোষণার পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে ভিসি প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসমুখী করাসহ ঢাকার লিয়াজোঁ অফিস বন্ধ করে সব সভা ও নিয়োগ বোর্ড ক্যাম্পাসে করার দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করে ভিসিবিরোধী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ। সিন্ডিকেট সভাকক্ষে অবরুদ্ধ করে রাখা হয় প্রো-ভিসি সরিফা সালোয়া ডিনা এবং অর্থ ও হিসাব দফতরের পরিচালক আর এম হাফিজুর রহমান সেলিমসহ অন্যান্যদের।
অধিকার সুরক্ষা পরিষদের আহ্বায়ক মতিউর রহমান বলেন, প্রো-ভিসি সরিফা সালোয়া ডিনা এবং অর্থ ও হিসাব দফতরের পরিচালক আর এম হাফিজুর রহমান সেলিম লিয়াজোঁ অফিসে আর কোনো সভা-বোর্ডে যাবেন না বলে জানিয়েছেন। এ ছাড়া ভিসিকে ক্যাম্পাসমুখী এবং লিয়াজোঁ অফিস বন্ধ করতে সহযোগিতা করবেন, এমন আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
তিনি বলেন, ভিসি যদি ক্যাম্পাসমুখী না হন তাহলে আমরা এর চেয়ে আরও বৃহৎ ঐক্যে বড় কর্মসূচি নেব।
প্রো-ভিসি সরিফা সালোয়া ডিনা বলেন, অধিকার সুরক্ষা পরিষদ বেশ কয়েকটি দাবি নিয়ে কয়েকজন সিনিয়র শিক্ষক-কর্মকর্তাকে অবরুদ্ধ করে রেখেছিলেন। পরে কিছু দাবি মেনে নেওয়ার আশ্বাসে তারা আমাদের অবমুক্ত করেছেন।
তিনি বলেন, আগামীকাল (৮ জানুয়ারি) ঢাকার লিয়াজোঁ অফিসে দুটি বিভাগের নিয়োগ বোর্ড বসার কথা। কিন্তু শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের আশ্বাস দিয়েছি ঢাকার কোনো বোর্ডে আমরা অংশগ্রহণ করব না।