কুমিল্লার হোমনায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে (২২) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ জানুয়ারি) তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে মো. হাসান (২৭), মোহন মিয়ার ছেলে মো. রাসেল (২০), জয়নাল আবেদীনের ছেলে মো. ইউসুফ প্রকাশ বাদশা (২৫) ও মৃত মজিবুর রহমানের ছেলে মো. সোহাগ মিয়া (১৬)।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার নারী ও তার স্বামী দু’জনই বুদ্ধি প্রতিবন্ধী। তাদের সংসারে আড়াই বছর এবং এক বছরের দুটি ছেলে রয়েছে। ২৯ ডিসেম্বর গভীর রাতে ভিকটিমের ঘরে ঢুকে অভিযুক্ত চারজন ৫০০ টাকা ও নতুন জামা কিনে দেওয়ার লোভ দেখিয়ে ওই বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। এ নিয়ে সালিশি বৈঠকে টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ পাওয়া গেছে।
হোমনা-মেঘনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফজলুল করিম বলেন, বিশ্বস্ত সূত্রে জানতে পেরে অভিযুক্ত চার আসামিকে গ্রেফতার করি। স্বামী-স্ত্রী দুজনেই বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় হাসান এর আগেও ওই গৃহবধূকে কয়েকবার ধর্ষণ করার কথা স্বীকার করেছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল বলেও জানতে পেরেছি।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বলেন, গণধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১০) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।