রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পরকীয়াজনিত হত্যা মামলা দায়েরের একদিন পর সরিষার ক্ষেতে মিলল নীলকমল মণ্ডল ওরফে নিলে (৫০) নামে মামলার প্রধান আসামির লাশ। এ সময় লাশের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া যায়। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানী গ্রামের একটি সরিষার ক্ষেত থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত নীলকমল মণ্ডল জঙ্গল ইউনিয়নের পারুলিয়া গ্রামের হারান চন্দ্র মণ্ডলের ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান জানান, নিহত নীলকমলের বিরুদ্ধে গত বুধবার ফরিদপুরের মধুখালী থানায় পরকীয়াজনিত একটি হত্যা মামলা হয়। ওই মামলার প্রধান আসামি হওয়ার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
এ ঘটনায় নিহতের ছেলে চৈতন্য মণ্ডল বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।