সাংবাদিক হত্যা চেষ্টা ও সাধারণ জনগণকে লাঞ্চিত করাসহ বিভিন্ন অপরাধে কুড়িগ্রামের ভুরুঙ্গামারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।
রবিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এক প্রজ্ঞাপন জারি করে তাকে বরখাস্ত করা করে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আবু জাফর রিপন স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের বিরুদ্ধে সাধারণ জনগণকে লাঞ্চিত, পুজা মন্ডপে দোকান সরানো, পল্লী বিদ্যুতের কর্মচারীকে শারীরিকভাবে লাঞ্চনাসহ চিকিৎসকদের হুমকী প্রদানের অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, প্রেসক্লাবের সম্পাদক এমদাদুল হক মন্টুকে হত্যা চেষ্টার ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয় এবং তিনি গ্রেফতার হন। প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে দায়িত্ব পালন সমীচীন নয় মনে করে জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান, ইউপি চেয়ারম্যানের বরখাস্তের ব্যাপারে অফিসিয়ালি চিঠি এখনও পাইনি। তবে সাময়িক বরখাস্তের কথা শুনেছি।