বহুল আলোচিত একাধিক “মোবাইল অ্যাপসের” মাধ্যমে অনলাইনে ক্যাসিনোর আদলে জুয়া পরিচালনাকারী মূল হোতা মো. আলমাছ প্রধানকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি অভিযানিক দল চাঁদপুরের মতলব দক্ষিণ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. আলমাছ প্রধান (৩৯) মতলব দক্ষিণ থানার হাজী মোঃ বাদশা প্রধানের এর ছেলে। এসময় তার কাছ থেকে জুয়া খেলার নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা, জুয়া খেলার অ্যাপস সম্বলিত ৫টি মোবাইল, একটি ৫ লক্ষ টাকার ব্ল্যাংক চেক ও ২টি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি র্যাবকে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে আসছিলো। এছাড়া তার এই অপকর্মের সঙ্গে আরো অনেকেই জড়িত রয়েছে।
আসামি আলমাছ প্রধানের বিরুদ্ধে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।