হিলি ও বিরামপুর সীমান্তে পৃথক দুই অভিযানে ভারতীয় গরু, মহিষ ও ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৪ জানুয়ারি) ভোরে হিলি সীমান্তের আইসিপি ক্যাম্প ও বিরামপুর সীমান্তের ভাইগড় ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব জব্দ করেন। এর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে দুপুরে জয়পুরহাট-২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো বলেন, ভারত থেকে সীমান্ত অতিক্রম করে একদল চোরাকারবারি মাদক, গরু ও মহিষ দেশে নিয়ে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভাইগড় ক্যাম্পের বিজিবি সদস্যরা কসবা সাগড়পুর এলাকায় অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুটি গরু ও দুটি মহিষ ফেলে পালিয়ে যায় তারা। পরে সেগুলো আটক করা হয়। এ ছাড়া হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা ৩০৮ বোতল ফেনসিডিল জব্দ করে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ফেনসিডিলগুলো ধ্বংসের জন্য ব্যাটালিয়নের গুদামে জমা রাখা হলেও গরু ও মহিষগুলো পরে প্রকাশ্যে কাস্টমসে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।