ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি ইটভাটায় সংস্কার কাজ করার সময় দেয়ালচাপা পড়ে খালেক মিয়া (৫০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার মীরপুরে টু-স্টার ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত খালেক মিয়া ওই এলাকার মৃত গোলাম রহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের টু-স্টার ইটভাটায় সংস্কার কাজ করছিলেন শ্রমিক খালেক মিয়া। এ সময় একটি দেয়াল ধসে তার উপর পড়লে দুটি পা ভেঙে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক রনি মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা আছে।