শেরপুর প্রতিনিধি; শেরপুর জেলার নকলা উপজেলায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে এক কাউন্সিলর প্রার্থীকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ ২৭ জানুয়ারি বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মদের নেতৃত্বে পৌরসভার ৭ নং ওয়ার্ডের চরকৈয়া এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আদালত সূত্র জানাযায়, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫-এর ১৭(৩১) ধারা লঙ্ঘন করে জনসমাগম সৃষ্টি করেন এবং বিশাল প্যান্ডেলের নিচে ভোটারদের মাঝে খাবার পরিবেশন করার দায়ে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডের উটপাখি প্রতীকের সাধারণ কাউন্সিলর প্রার্থী মো. বেলায়েত হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মদ এ অর্থদন্ডাদেশ প্রদান করেন। এসময় নকলা থানায় কর্মরত পুলিশ বিভাগের বেশ কয়েকজন সদস্য, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেট পেশকার রাশেদুল কিবরিয়া রাশেদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুর রহমান বলেন, নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন পরিচালনা ও সুষ্ঠু ভাবে সমাপ্ত করার লক্ষে এ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।