ফেনীর সোনাগাজীতে সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের অনুমতি পেয়েছে ‘সোনাগাজী সোলার পাওয়ার’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।
যদিও ফসলি জমি হওয়ায়, প্রায় ৫ বছর আগে ওই একই জমি অধিগ্রহণ করতে পারেনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। এখন আবার তিন ফসলি জমিকে পতিত দেখিয়ে অধিগ্রহণের অনুমতি আদায় করে নিলো বেসরকারি প্রতিষ্ঠান। আর এই কারসাজিতে জড়িত পিডিবি ও স্থানীয় ভূমি অফিস।
২০১৬ সালে সোনাগাজীর মুহুরী সেচ প্রকল্প এলাকায় ৪শ’ ৫৯ একর জমি অধিগ্রহণে পিডিবিকে অনুমতি দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তিন ফসলি জমি হওয়ায়, পরে ভূমি মালিকদের আপত্তিতে তা বাতিল হয়ে যায়।
কিন্তু সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে গত ডিসেম্বরে দুইশতাধিক একর জমি অধিগ্রহণে জেলা প্রশাসনকে প্রস্তাব দেয়, ‘সোনাগাজী সোলার পাওয়ার’ নামে একটি প্রতিষ্ঠান। এর পরিপ্রেক্ষিতে প্রতিবেদন তলব করে জেলা প্রশাসন। এরপর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে মিলে যায় ভূমি অধিগ্রহণের অনুমতি।
ভূমি মালিকদের অভিযোগ, পিডিবি ও স্থানীয় ভূমি অফিসকে ‘ম্যানেজ করে’ তিন ফসলি জমিকে ‘পতিত জমি’ দেখানো হয়েছে। অধিগ্রহণের অনুমতি পেয়ে, কাজ শুরুর আবেদনও করেছে সোনাগাজী সোলার পাওয়ার।
ফসল আর কৃষকের ক্ষতি হয়, এমন কিছু হতে দেয়া হবে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসন। ভূমি অধিগ্রহণ ঠেকাতে কয়েক দফা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী কৃষকরা।