দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্র মৌলভীবাজার শ্রীমঙ্গলে ১৭তম চা নিলাম হয়েছে।
নিলামে প্রথমবারের মতো হবিগঞ্জের হোয়াইট টি এবং পঞ্চগড়ের চা বিক্রি হয়েছে। এই অর্থবছরের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয় নতুন চা হোয়াইট টি। বুধবার (৩ ফেব্রয়ারি) সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পযন্ত চলে শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের কার্যক্রম।
দেশের বিভিন্ন চা বাগান থেকে বিক্রীর জন্য প্রায় ৭০ হাজার কেজি চা পাতা উত্তোলন করা হয় এবারের নিলামে। যার বিক্রয় মূল্য প্রায় ১ কোটি টাকা। এতে অর্ধশতাধিক ব্রোকার হাউস, বাগান মালিক ও কর্তৃপক্ষ এবং বায়ার অংশগ্রহণ করেন।
নিলাম পরিচালনাকারী শ্রীমঙ্গল টি ব্রোকারস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হেলাল মিয়া জানিয়েছেন, এই নিলামে এবারই প্রথম অংশগ্রহণ করেছেন পঞ্চগড়ের চা বাগানের মালিকরা। পঞ্চগড় থেকে ১৬ হাজার ৫শ’ কেজি চা নিলামে তোলা হয়। তাদের চা পাতা সর্বোচ্চ ২শ’ টাকা কেজি দরে বিক্রি হয়। তবে বায়ারদের সবচেয়ে বেশি আকর্ষণ ছিল হবিগঞ্জের বৃন্দাবনপুর চা বাগানের হোয়াইট টি। তিন কেজির একটি লট নিলামে বিক্রির জন্য উত্তোলন করা হয়। যা প্রতি কেজি বিক্রি হয়েছে ৫ হাজার ১০ টাকায়। আর তা ক্রয় করেন শ্রীমঙ্গলের সেলিম টি হাউজ।
শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের পরিচালক জহর লাল তরফদার বলেন, করোনার কারণে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত নিলামে কিছুটা ধীর গতি ছিলো। তবে পরে সশ্লিষ্ট সকলের অংশগ্রহণে নিলামে চা পাতা বেশ ভালো বিক্রি হয়েছে। আর এ মাসে ১৭তম চা নিলাম ছিলো আমাদের জন্য আকর্ষনীয়। শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে এবাই প্রথম পঞ্চগড়ের চা বিক্রি হয়েছে। আর হবিগঞ্জের হোয়াইট টি বায়ারদের কাছে বেশ প্রশংসা পেয়েছে। ভালো দাম পেয়ে সন্তুষ্ট হোয়াইট চা উৎপাদনকারী চা বাগান কর্তৃপক্ষ।