রাজবাড়ীর কালুখালী উপজেলার গোপালপুর গ্রামে স্কুলছাত্র হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার আবুল হোসেনের ছেলে মো. নাজমুল।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, প্রতিপক্ষ নাজমুল ইসলামের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে জনির বাবা সাইফুল ইসলামের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নাজমুল নবম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্র জনিকে ধারালো চাকু দিয়ে আঘাত করলে সে ঘটনাস্থলেই নিহত হয়। ওই দিনেই নিহত জনির মামা আসাদুজ্জামান বাদী হয়ে নাজমুল সহ তিনজনকে আসামি করে কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা প্রকাশ্যে ও গোপনে তদন্ত শেষে দুইজনকে মামলা থেকে অব্যাহতি দেন এবং আসামি নাজমুল বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার আদালতে চার্জশিট প্রদান করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আসামি নাজমুলের বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক রাজবাড়ীর জেলা ও দায়রা জজ আসামির উপস্থিতিতে উক্ত রায় ঘোষণা করেন।
পাবলিক প্রসিকিটর (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ জানান, নাজমুলের বিরুদ্ধে মামলায় আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় দীর্ঘ শুনানি শেষে আদালত নাজমুলকে যাবজ্জীবন কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের করাভোগের আদেশ দেন।