আমরা এই টেস্টের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী ম্যাচে ভালো করার চেষ্টা করব’- ম্যাচ হারের পর অধিনায়কদের মুখে এই বক্তব্য শুনে সবাই অভ্যস্ত। বাজেভাবে ম্যাচ হারলে অধিনায়ক যে এই বক্তব্য দেবেন তা নিশ্চিত করে বলে দেওয়া যায়। তবে যদি ভুলগুলো থেকে আসলেই ক্রিকেটাররা শিক্ষা নিতেন, তাহলে হয়তো টেস্ট ক্রিকেটে এমন বাজে অবস্থা থাকত না। যার সর্বশেষ সংযোজন নখদন্তহীন উইন্ডিজের কাছে চট্টগ্রাম টেস্টে ৩ উইকেটের হার।
মিরপুরে অনুষ্ঠিতব্য দ্বিতীয় টেস্টের আগে প্রথম টেস্টের ভুলগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তরুণ অল-রাউন্ডার মেহেদি হাসান মিরাজ। তাদের পরিকল্পনা দ্বিতীয় টেস্টে সেগুলো শুধরে নেয়া। মিরাজ আজ সাংবাদিকদের বলেন, ‘প্রথম টেস্টের পঞ্চম দিনে আমরা কিছুটা অসম বাউন্স আশা করেছিলাম। কিন্তু পিচ থেকে সেটি পাওয়া যায়নি। পিচে কিছুটা রুক্ষতাও ছিল। আমরা সেখানেই বল ফেলেছিলাম। তবে সেটিও আমাদের ভুল ছিল। কারণ আমরা কিছুটা শট লেন্থে বল করেছিলাম। যা তাদের চাপমুক্ত করেছে। আমরা তাদের (উইন্ডিজ) ভুল নিয়েও আলোচনা করেছি। আশা করি দ্বিতীয় টেস্টেও তারা ভুল করবে। আমরা আঁটসাট লেন্থে সঠিক স্থানে বল ফেলার চেষ্টা করব।’
চট্টগ্রাম টেস্ট ছিল ব্যক্তিগত দিক থেকে মিরাজের জন্য দারুন একটি ম্যাচ। প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পাশাপাশি তিনি দুই ইনিংসে ৮ উইকেট নিয়েছেন। কিন্তু ম্যাচে হেরে যাওয়ায় এসব নিয়ে খুশি থাকতে পারনেনি মিরাজ। তিনি বলেন, ‘আমার দল যদি ম্যাচে জয়লাভ করতো, তাহলে আমি হয়তো এই পারফর্মেন্সে আনন্দ অনুভব করতে পারতাম। ব্যক্তিগত অর্জনের দিক থেকে এটি হয়তো আমার ক্যারিয়ারে ভালো একটি টেস্ট ম্যাচ। কিন্তু নিজ দল হেরে গেলে কেউই ওই অর্জন উপভোগ করতে পারে না। আশা করি (আগামীতে) আরো ভালো খেলা দিয়ে দলের জন্য অবদান রাখতে পারব।’