সড়ক দুর্ঘটনায় মেহেদি হাসান নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) কেরানীগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তার মৃত্যু হয়।
জানা যায়, কেরানীগঞ্জে মাইক্রোবাসের সঙ্গে শান্তর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় শান্ত। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শনিবার সন্ধ্যায় এ বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, ‘আজ মেহেদী হাসান শান্ত নামে এক শিক্ষার্থীকে হারিয়েছি। মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তার মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘আমি আমাদের শিক্ষার্থীসহ সবাইকে অনুরোধ জানাবো, সবাই যেন সাবধানের সাথে রাস্তা পারাপার হয়, সাবধানে গাড়ি চালায়।’