এবার রাজধানীর পল্টনে একটি মানি এক্সচেঞ্জ থেকে প্রায় ৩ কেজি সোনাসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা অধিদফতর। তাদের অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রাও জব্দ করা হয়।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পল্টনে ফয়েজ ট্রেডিং নামের একটি মানি এক্সচেঞ্জে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এক ঘণ্টার অভিযানে ২০টি সোনার বারের পাশাপাশি কিছু অলংকার উদ্ধার করা হয়। এসময় বেশ কয়েকটি দেশের মুদ্রাসহ ২ জনকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. আব্দুর রউফ জানান, মানি এক্সচেঞ্জের নামে প্রতিষ্ঠানটি সোনা চোরাচালানে জড়িত বলেও জানান তিনি।
তিনি বলেন, মানি এক্সচেঞ্জিং একটি প্রতিষ্ঠানের ছদ্বাবরণে অবৈধ কাজগুলো হচ্ছিল। এখানে বিভিন্ন দেশের কারেন্সির বিনিময়ে সোনা বিক্রি হতো।
চোরাচালানের অর্থ সন্ত্রাসী কাজে ব্যবহার হয় বলে ধারণা শুল্ক গোয়েন্দাদের।
ড. আব্দুর রউফ বলেন, যাদের কাছে অর্থ আছে তারা এখান থেকে খুব সহজেই এগুলো কিনে নিয়ে যেতে পারে।
তবে, আটক ২ জন ওই প্রতিষ্ঠানের কর্মচারী। তারা জানান, মানি এক্সচেঞ্জের লাইসেন্স তাৎক্ষণিক দেখাতে পারেননি।
অবৈধ ব্যবসা ও চোরাচালান রোধে অভিযান অব্যাহত রাখা হবে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদফতর