গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক চাপায় দুই নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) চন্দ্রা এলাকায় রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার নরসিংহপুর গ্রামের আব্দুল্লাহর স্ত্রী খোদেজা আক্তার ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বখতেয়ারপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আয়েশা। দু’জনে স্থানীয় মাহমুদ জিন্স কারখানার শ্রমিক ছিলেন।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
গাজীপুর সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, শনিবার রাতে কালিয়াকৈর থেকে ঢাকাগামী মাল বোঝাই ট্রাকটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় পৌঁছে সড়কের পাশে একটি ভ্যানকে সজোরে আঘাত করে। এ সময়ে সড়ক পারাপারের সময় পোশাক শ্রমিক আয়েশা ও খোদেজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।