অস্ট্রিয়ার লকডাউন বিরোধী বিক্ষোভ মিছিল এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। গতকাল শনিবারও লকডাউনের বিরুদ্ধে রাজধানী ভিয়েনায় বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে। করোনা মহামারি মোকাবিলার জন্য সরকার দেশটিতে যে লকডাউন দিয়েছে তা মানতে চাচ্ছে না দেশটির জনগণ।
অস্ট্রিয়ার পুলিশের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ভিয়েনার সিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে অন্তত দুই হাজার মানুষ যোগ দিয়েছে তবে আয়োজকরা বলছেন, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি এবং জোর করে সরকারের পক্ষ থেকে অনেককে এই সমাবেশে যোগ দিতে দেওয়া হয়নি। পুলিশের পক্ষ থেকে এ ধরনের বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ করা হলেও তা উপেক্ষা করেই অস্ট্রিয়াতে গত কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশ থেকে আগে ধর পাকড় হলেও গতকালের সমাবেশে ধরপাকড়ের মাত্রা ছিল তুলনামূলক কম।
গতকালের বিক্ষোভে অংশ নিয়ে অনেকেই বলেছেন সম্প্রতি সরকার বয়স্ক ছেলে-মেয়েদের স্কুলে বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা এবং মাস্ক পরার যে আইন করেছে তারা তার বিরুদ্ধে। সিটি সেন্টারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া লোকিজনের মুখে মাস্ক ছিল না। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নব্য-নাজি গোষ্ঠীর উচ্চ পর্যায়ের লোকজন এতে অংশ নিয়েছেন। সমাবেশে বাধা দিলে সংঘর্ষ শুরু হয় এবং বেশ কয়েকজনকে পুলিশ আটক করে। এ ঘটনায় দুই পুলিশও আহত হয়েছে বলে জানা গেছে।
অস্ট্রিয়া সরকার করোনা মোকাবেলার জন্য যে লাগাতার লকডাউন দিয়ে আসছে আসছে তার বিরুদ্ধে দেশটির শিল্পপতিরাও সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। তারা বলছেন, সরকারের এই সিদ্ধান্তে দেশের কর্মসংস্থান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সম্পদ ঝুঁকির মুখে পড়েছে।
সূত্র: ইউরো নিউজ।