রাজধানীর কারওয়ান বাজারে সরকার নির্ধারিত দরেই বিক্রি হচ্ছে খোলা সয়াবিন। তবে কোনো কোনো দোকানে দাম দুই-এক টাকা বেশি।
খোলা সয়াবিন কেজি দরে বিক্রি হয়, কিন্তু সরকারি দাম দেয়া হয়েছে লিটারে। ফলে বাজারে জটিলতা সৃষ্টি হয়েছে। বাজারে খোলা সয়াবিন ১২৮ থেকে ১৩০ টাকা কেজি। যা লিটারে পড়ে ১১৫ থেকে ১১৭ টাকা।
দোকান ও তেলের মানভেদে দু-এক টাকার তারতম্য রয়েছে। এছাড়া সরকার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ যে দাম বেঁধে দিয়েছে, তা ভোক্তা মূল্যের চেয়ে অনেক বেশি। কোম্পানি ভেদে ৫ লিটারের বোতলের গায়ে সর্বোচ্চ দাম বা এমআরপি ৬৫০ থেকে ৬৬০ টাকা লেখা থাকলেও বিক্রেতারা জানান, ৫৯০ থেকে ৬২০ টাকা দরে বিক্রি করতেন তারা। এখন সরকার যার সর্বোচ্চ মূল্য বেঁধে দিয়েছে ৬৩০ টাকা।
এদিকে ভোক্তারা বলছেন, সরকারের বেঁধে দেয়া দাম আরো কম হওয়া উচিত ছিলো।
এর আগে, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বুধবার (১৭ ফেব্রুয়ারি) জানান, আন্তর্জাতিক বাজারে হঠাৎ দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকরা কিছুটা দ্বিধায় পড়েছেন। তবে রোজার বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীদের আমদানি বাড়ানোর আহ্বান জানান তিনি। আশ্বাস দেন পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতি ১৫ দিন পর দাম সমন্বয় করার।