নেত্রকোনার কলমাকান্দায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১টি বাসাসহ বাজারের প্রায় ৫টি দোকান পুড়ে গেছে।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে হঠাৎ স্থানীয়রা আগুন আগুন বলে চিৎকার শুরু করলে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৫টি দোকানসহ একটি বাসা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কলমাকান্দা বাজারে শুক্রবার মধ্যরাতে চাউল মহাল সংলগ্ন সুধাংশ সরকার মুদির দোকান গোডাউনে কালো ধোঁয়া দেখেন স্থানীয়রা। পরে দ্রুত তারা আগুন নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলমাকান্দা ফায়ার সার্ভিস। এরপর রাত প্রায় দুটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বাজারের কাজল মাস্টারের বাসা ও সুধাংশ সরকারের মুদির দোকান, গোডাউনসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। এসময় পাশে থাকা আরো ৮/১০ টি দোকান ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ব্যাপারে কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেব করে বলতে হবে।