ফারহানা নওশিন তিতলী, ইবি প্রতিনিধি; আবাসিক হল খোলার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও উপাচার্যের বাস ভবনের সামনে অবস্থান নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (২১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান নেয় এবং হল খোলার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
‘প্রশাসনের প্রহসন মানি না, মানব না’, ‘একদফা একদাবি, আজকে হল খুলে দিবি’, ‘শিক্ষকরা ভেতরে, আমরা কেন বাইরে?’ লাথি মার ভাঙরে তালা, খুলে ফেল হলের তালা’ সহ নানা স্লোগান দিতে থাকেন। এসময় শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, এই মুহূর্তে সরকারের পরিকল্পনার বাইরে বিশ্ববিদ্যালয়ের আলাদা কোনো পরিকল্পনা নেই। কাল রাতে শিক্ষামন্ত্রী মহোদয় সকল বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে কথা বলেছেন, উনি সিন্ধান্ত জানাবেন। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।